|
চতুর্থ দৃশ্য
|
কানন অমর শান্তা ও সখী |
শান্তা।
| তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো– কেন বুঝাতে পারি নে হৃদয়বেদনা। কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরেও না চায়– এত সাধ এত প্রেম করে অপমান। |
সখী।
| এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না— শুধু সুখ চলে যায়। |
শান্তা।
| এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল। এ প্রেম কুসুম যদি হ'ত প্রাণ হতে ছিঁড়ে লইতাম, তার চরণে করিতাম দান— বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে— তবু তার সংশয় হত অবসান॥ |
প্রস্থান |
অমর।
| আপন মন নিয়ে কাঁদিয়ে মরি পরের মন নিয়ে কী হবে। আপন মন যদি বুঝিতে নারি, পরের মন বুঝে কে কবে। |
সখী।
| অবোধ মন লয়ে ফেরো ভবে, বাসনা কাঁদে প্রাণে হাহারবে, এ মন দিতে চাও দিয়ে ফেলো— কেন গো নিতে চাও মন তবে। |
অমর।
| স্বপন সম সব জেনেছি মনে, 'তোমার কেহ নাই এ ত্রিভুবনে; যেজন ফিরিতেছে আপন আশে, তুমি ফিরিছ কেন তাহার পাশে।' |
সখী।
| নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও। তোমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে। |
অমর।
| ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা। |
সখী।
| 'মন দিয়ে মন পেতে চাহি'- ওগো কেন, ওগো কেন মিছে এ দুরাশা। |
অমর।
| হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়া-মরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে। |
সখী।
| ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা। আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কী অভাব আছে- আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ, কোকিল-কূজিত কুঞ্জ। |
অমর।
| বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়- এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায় জীবন যৌবন গ্রাসে। |
সখী।
| তবে কেন, তবে কেন মিছে এ কুয়াশা॥ |
প্রমদা ও সখীগণের প্রবেশ |
প্রমদা।
| সুখে আছি সুখে আছি সখা, আপন মনে। |
প্রমদা ও সখীগণ।
| কিছু চেয়ো না, দূরে যেয়ো না– শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি। |
প্রমদা।
| সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। |
প্রমদা ও সখীগণ।
| মন চেয়ো না, শুধু চেয়ে থাকো– শুধু ঘিরে থাকো কাছাকাছি। |
প্রমদা।
| মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়বায়। এই মাধুরীধারা বহিছে আপনি, কেহ কিছু নাহি চায়। আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা, যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি॥ |
অমর।
| ভালোবেসে দুখ সেও সুখ, সুখ নাহি আপনাতে। |
প্রমদা ও সখীগণ।
| না না না, সখা, ভুলি নে ছলনাতে। |
অমর।
| মন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে। |
প্রমদা ও সখীগণ।
| না না না, মোরা ভুলি নে ছলনাতে। |
অমর।
| সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো! আনো সজল বিমল প্রেম ছলছল নলিন নয়নপাতে। |
প্রমদা ও সখীগণ।
| না না না, মোরা ভুলি নে ছলনাতে। |
অমর।
| রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়, সুখ পায় তায় সে। চির-কালিমাজনম, কে করে বহন চিরশিশির রাতে। |
প্রমদা ও সখীগণ।
| না না না, মোরা ভুলি নে ছলনাতে॥ |
প্রস্থান |
পুনঃপ্রবেশ |
প্রমদা।
| দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে। যা তোরা যা সখী, যা শুধা গে ওই আকুল অধর আঁখি কী ধন যাচে। |
সখীগণ।
| ছি ওলো ছি, হল কী, ওলো সখী। |
প্রথমা।
| লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! |
তৃতীয়া।
| কেমনে যাব। কী শুধাব। |
প্রথমা।
| লাজে মরি, কী মনে করে পাছে। |
প্রমদা।
| যা, তোরা যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥ |
অমরের প্রতি |
সখীগণ।
| ওগো, দেখি, আঁখি তুলে চাও– তোমার চোখে কেন ঘুমঘোর। |
অমর।
| আমি কী যেন করেছি পান,কোন্ মদিরা রস-ভোর। আমার চোখে তাই ঘুমঘোর। |
সখীগণ।
| ছি ছি ছি। |
অমর।
| সখী, ক্ষতি কী। এ ভবে কেহ জ্ঞানী অতি কেহ ভোলামন, কেহ সচেতন কেহ অচেতন, কাহারো নয়নে হাসির কিরণ কাহারো নয়নে লোর। আমার চোখে শুধু ঘুমঘোর। |
সখীগণ।
| সখা, কেন গো অচলপ্রায় হেথা দাঁড়ায়ে তরুছায়। |
অমর।
| অবশ হৃদয়ভারে চরণ চলিতে নাহি চায়, তাই দাঁড়ায়ে তরুছায়। |
সখীগণ।
| ছি ছি ছি। |
অমর।
| সখী, ক্ষতি কী। এ ভবে কেহ পড়ে থাকে, কেহ চলে যায়, কেহ বা আলসে চলিতে না চায়, কেহ বা আপনি স্বাধীন, কাহারো চরণে পড়েছে ডোর– কাহারো নয়নে লেগেছে ঘোর॥ |
সখীগণ।
| ওকে বোঝা গেল না- চলে আয় চলে আয়। ও কী কথা-যে বলে সখী, কী চোখে যে চায়। চলে আয়, চলে আয়। লাজ টুটে শেষে মরি লাজে মিছে কাজে, ধরা দিবে না যে, বলো, কে পারে তায়। আপনি সে জানে তার মন কোথায়! চলে আয়, চলে আয়। |
[ প্রস্থান |