আমি সন্ধ্যাদীপের শিখা, অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ॥ তার স্বপনে মোর আলোর পরশ জাগিয়ে দিল গোপন হরষ, অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লিখা ॥ আমার নির্জন উৎসবে অম্বরতল হয় নি উতল পাখির কলরবে। যখন তরুণ রবির চরণ লেগে নিখিল ভুবন উঠবে জেগে তখন আমি মিলিয়ে যাব ক্ষণিক মরীচিকা ॥ | রাগ: ইমনকল্যাণ তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩৩০ রচনাকাল (খৃষ্টাব্দ): ২ জানুয়ারি, ১৯২৪ রচনাস্থান: শ্রীনিকেতন স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
|