আয় রে মোরা ফসল কাটি-- ফসল কাটি, ফসল কাটি। মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে॥ মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥ বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার জাদুকর-- ও সে সোনার জাদুকর। শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে, মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে। মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান-- তাই-যে সুখে খাটি॥ | রাগ: ভৈরবী-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩০ রচনাকাল (খৃষ্টাব্দ): 1924 রচনাস্থান: শান্তিনিকেতন স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
|