Home > Songs > প্রেম > ২৯৯

২৯৯    

কে উঠে ডাকি    মম    বক্ষোনীড়ে থাকি

করুণ মধুর অধীর তানে    বিরহবিধুর পাখি॥

     নিবিড় ছায়া গহন মায়া,   পল্লবঘন নির্জন বন--

     শান্ত পবনে কুঞ্জভবনে   কে জাগে একাকী॥

যামিনী বিভোরা   নিদ্রাঘনঘোরা--

ঘন তমালশাখা   নিদ্রাঞ্জন-মাখা।

              স্তিমিত তারা চেতনহারা,   পাণ্ডু গগন তন্দ্রামগন

              চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত   নিদ্রালস-আঁখি।

রাগ: পরজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers