হম সখি দারিদ নারী! জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচন-বারি। রূপ নাহি মম, কছুই নাহি গুণ দুখিনী আহির জাতি, নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম যৌবন গরবে মাতি। অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি পীরিত করনে জানি; এক নিমিখ পল, নিরখি শ্যাম জনি সোই বহুত করি মানি। কুঞ্জ পথে যব নিরখি সজনি হম, শ্যামক চরণক চীনা, শত শত বেরি ধূলি চুম্বি সখি, রতন পাই জনু দীনা। নুঠুর বিধাতা, এ দুখ-জনমে মাঙব কি তুয়া পাশ! জনম অভাগী, উপেখিতা হম, বহুত নাহি করি আশ,-- দূর থাকি হম রূপ হেরইব, দূরে শুনইব বাঁশি। দূর দূর রহি সুখে নিরীখিব শ্যামক মোহন হাসি। শ্যাম-প্রেয়সি রাধা! সখিলো! থাক' সুখে চিরদিন! তুয়া সুখে হম রোয়ব না সখি অভাগিনী গুণ হীন। অপন দুখে সখি, হম রোয়ব লো, নিভৃতে মুছইব বারি। কোহি ন জানব, কোন বিষাদে তন-মন দহে হমারি। ভানু সিংহ ভনয়ে, শুন কালা দুখিনী অবলা বালা-- উপেখার অতি তিখীনি বাণে না দিহ না দিহ জ্বালা। | রাগ: ভৈরবী তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): 1284 রচনাকাল (খৃষ্টাব্দ): 1878
|