১২    

           কাছে তার যাই যদি          কত যেন পায় নিধি,

                তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না ।

           কখনো বা মৃদু হেসে         আদর করিতে এসে

                সহসা শরমে বাধে, মন উঠে উঠে না ।

           রোষের ছলনা করি         দূরে যাই, চাই ফিরি—

                চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না ।

           কাতর নিশ্বাস ফেলি          আকুল নয়ন মেলি

                চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না ।

           যখন ঘুমায়ে থাকি           মুখপানে মেলি আঁখি

                চাহি থাকে, দেখি দেখি সাধ যন মিটে না ।

           সহসা উঠিলে জাগি          তখন কিসের লাগি

                শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না ।

           লাজময়ী, তোর চেয়ে         দেখি নি লাজুক মেয়ে,

                প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না ।।

রাগ: মিশ্র দেশ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

এই গানটি "ভগ্নহৃদয়" গ্রন্থে আছে

view notation

Renditions Recommended by Readers