১৬    

আপন মন নিয়ে কাঁদিয়ে মরি

পরের মন নিয়ে কী হবে।

আপন মন যদি বুঝিতে নারি,

পরের মন বুঝে কে কবে।

অবোধ মন লয়ে ফেরো ভবে,

বাসনা কাঁদে প্রাণে হাহারবে,

এ মন দিতে চাও দিয়ে ফেলো—

কেন গো নিতে চাও মন তবে।

স্বপন সম সব জেনেছি মনে,

'তোমার কেহ নাই এ ত্রিভুবনে;

যেজন ফিরিতেছে আপন আশে,

তুমি ফিরিছ কেন তাহার পাশে।'

নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও।

তোমারে মুখ তুলে চাহে না যে থাক্‌ সে আপনার গরবে।

রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এই গানটি "নৃত্যনাট্য মায়ার খেলা" গ্রন্থে আছে


Renditions Recommended by Readers