তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়-- জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥ অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা, আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥ তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে, তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণধ্বনি শুনায় তারে আগমনী, সন্ধ্যবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো ॥ | রাগ: আশাবরী-ভৈরবী তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ অগ্রহায়ণ, ১৩৩৪ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ ডিসেম্বর, ১৯২৭ রচনাস্থান: কলকাতা স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|