Home > Songs > পূজা > ৫৬

৫৬    

আমার  না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে

                 তোমার ভাবনা তারার মতন বাজে ॥

         নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে

         না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,

আমার  লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে--

                 অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥

ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান

                 তোমায় আমার গান।

         পরানের সাজি সাজাই খেলার ফুলে,

         জানি না কখন নিজে বেছে লও তুলে--

তুমি    অলখ আলোকে নীরবে দুয়ার খুলে

         প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে ॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers