সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি-- কাছের জিনিস দূরে রাখে তার থেকে তুই দূরে র'বি ॥ কেন রে তোর দু হাত পাতা-- দান তো না চাই, চাই যে দাতা-- সহজে তুই দিবি যখন সহজে তুই সকল লবি ॥ সহজ হবি, সহজ হবি, ওরে মন, সহজ হবি-- আপন বচন-রচন হতে বাহির হয়ে আয় রে কবি। সকল কথার বাহিরেতে ভুবন আছে হৃদয় পেতে, নীরব ফুলের নয়ন-পানে চেয়ে আছে প্রভাত-রবি ॥ | রাগ: কালাংড়া-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): ৯ আশ্বিন, ১৩২১ রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ সেপ্টেম্বর, ১৯১৪ রচনাস্থান: সুরুল স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর
|