আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?। কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গুলি বুলায়ে-- জাগে, কে জাগে? কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে? এই অপার অম্বরপাথারে স্তম্ভিত গম্ভীর আঁধারে-- জাগে, কে জাগে? মম গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?। | রাগ: বেহাগ তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩১৭ রচনাকাল (খৃষ্টাব্দ): 1910 রচনাস্থান: শিলাইদহ স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
|