আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে, আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে ॥ মন যবে মোর দূরে দূরে ফিরেছিল আকাশ ঘুরে তখন আমার ব্যথার সুরে আভাস দিয়ে গিয়েছিলে ॥ যবে বিদায় নিয়ে যাব চলে মিলন-পালা সাঙ্গ হলে শরৎ-আলোয় বাদল-মেঘে এই কথাটি রইবে লেগে-- এই শ্যামলে এই নীলিমায় আমায় দেখা দিয়েছিলে ॥
দূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ঐ আকুল অধর আঁখি কী ধন যাচে। ছি, ওলো ছি, হল কী, ওলো সখী। লাজ-বাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল! কেমনে যাব, কী শুধাব। লাজে মরি, কী মনে করে পাছে। যা, তোরা যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।