কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়! এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে-- কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়! সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে, আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে! না না না, কোথা সে আছে-- এনে দে আমার কাছে, সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়! এখনো যে নিরুত্তর-- নাহি প্রাণে ভয়! রে দুরাত্মা-- কী করিলি--
কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে॥ নব প্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল, হায় রে॥ এ যে মুকুটশোভার ধন। হায় গো দরদী কেহ থাক যদি শিরে দাও পরশন। এ কি স্রোতে যাবে ভেসে-- দূর দয়াহীন দেশে কোন্খানে পাবে কূল, হায় রে॥