অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥ যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে-- তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে-- নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥
আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোকবনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই-- আমরা বিদ্যুৎ॥ আমরা করি ভুল-- অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল। যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত॥