আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥ আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-- তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
কাল রাতের বেলা গান এল মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে॥ যে কথাটি বলব তোমায় ব'লে কাটল জীবন নীরব চোখের জলে সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে-- তখন তুমি ছিলে না মোর সনে॥ ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পুরে, সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে-- যখন তুমি আছ আমার সনে॥