এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে, এ মলিন মালা কে লইবে। ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে, এ চির বিষাদ কে বহিবে। সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান, এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে নীরব নিরাশা কে সহিবে।
তবে সুখে থাকো, সুখে থাকো। আমি যাই-- যাই। সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই। অধীর হ'য়ো না, সখী, আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে। ছিলাম একেলা সেই আপন ভুবনে- এসেছি এ কোথায়। হেথাকার পথ জানি নে, ফিরে যাই। যদি সেই বিরামভবন ফিরে পাই। সখী, ওরে ডাকো ফিরে। মিছে খেলা মিছে হেলা কাজ নাই। অধীরা হ'য়ো না, সখী, আশ মেটালে ফেরে না কেহ আশ রাখিলে ফেরে॥
যেখানে রূপের প্রভা নয়ন-লোভা সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা । যেখানে রসিকসভা পরম-শোভা সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা । যেখানে গলাগলি কোলাকুলি তোমারি বেচা-কেনা সেই হাটে, পড়ে না পদধূলি পথ ভুলি যেখানে ঝগড়া করে ঝগ্ড়াটে ।। যেখানে ভোলাভুলি খোলাখুলি সেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা ।।