দুজনে দেখা হল মধুযামিনী রে-- কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥ নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়, লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥ দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হল না দেখা, জগতে দোঁহে একা-- চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥
বাকি আমি রাখব না কিছুই-- তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূঁই॥ ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥ দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি। আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি। আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান-- দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥