না, দেখব না আমি দেখব না, আমি শুনব-- মনের মধ্যে আমি শুনব, ধ্যানের মধ্যে আমি শুনব, তাঁর চরণধ্বনি। ওই দেখ্ এল ঝড়, এল ঝড়, তাঁর আগমনীর ওই ঝড়-- পৃথিবী কাঁপছে থরো থরো থরো থরো, গুরু গুরু করে মোর বক্ষ।
আর নাই যে দেরি, নাই যে দেরি। সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই॥ হিমের বাহু-বাঁধন টুটি পাগ্লা-ঝোরা পাবে ছুটি, উত্তরে এই হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি॥ নাই যে দেরি নাই যে দেরি। শুনছ না কি জলে স্থলে জাদুকরের বাজল ভেরী। দেখছ না কি এই আলোকে খেলছে হাসি রবির চোখে-- সাদা তোমার শ্যামল হবে, ফিরব মোরা তাই যে হেরি॥