বসন্ত তার গান লিখে যায় ধূলির 'পরে কী আদরে॥ তাই সে ধূলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে, বারে বারে রূপের সাজি আপনি ভরে কী আদরে॥ তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে, সে যে তাই ধন্য হল মন্ত্রবলে। তাই প্রাণে কোন্ মায়া জাগে, বারে বারে পুলক লাগে, বারে বারে গানের মুকুল আপনি ধরে কী আদরে॥
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম দীপ্ত সে হেম— নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়। দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ, তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়। গৌরব তার অক্ষয়— অশ্রু-উৎস-জল-স্নান তাপস মৃত্যুঞ্জয়॥