ফিরো না ফিরো না আজি– এসেছ দুয়ারে। শূন্য প্রাণে কোথা যাও শূন্য সংসারে।। আজ তাঁরে যাও দেখে, হৃদয়ে আনো গো ডেকে– অমৃত ভরিয়া লও মরমমাঝারে।। শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার পানে চাও। শূন্য দুটো কথা শুনে কোথা চলে যাও। তোমার কথা তাঁরে কয়ে তাঁর কথা যাও লয়ে– চলে যাও তাঁর কাছে রাখি আপনারে।।
ওরে, তোরা যারা শুনবি না তোদের তরে আকাশ- 'পরে নিত্য বাজে কোন্ বীণা ॥ দূরের শঙ্খ উঠল বেজে, পথে বাহির হল সে যে, দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না?। রাতগুলো যায় হায় রে বৃথায়, দিনগুলো যায় ভেসে-- মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে? হয়তো দিনের দেরি আছে, হয়তো সে দিন আস্ল কাছে-- মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না?।
তুমি এবার আমায় লহো হে নাথ,লহো। এবার তুমি ফিরো না হে-- হৃদয় কেড়ে নিয়ে রহো। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ॥ কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহো॥ কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ো না, তারে আগুন দিয়ে দহো।