আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর্। ভোরের আকাশ রাঙা হল রে, আমার পথ হল সুন্দর ॥ কী নিয়ে বা যাব সেথা ওগো তোরা ভাবিস নে তা, শূন্য হাতেই চলব বহিয়ে আমার ব্যাকুল অন্তর ॥ মালা প'রে যাব মিলনবেশে, আমার পথিকসজ্জা নয়। বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখি নে সেই ভয়। যাত্রা যখন হবে সারা উঠবে জ্বলে সন্ধ্যাতারা, পূরবীতে করুণ বাঁশরি দ্বারে বাজবে মধুর স্বর ॥
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে॥ সে দিন যে রাগিণী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় হায় হায় রে কাঁপন ভেসে চলে॥ নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন-- দুই তারে জীবনের বাঁধা ছিল বীন। তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন্ হাহারবে, সুর হারায়ে গেল পলে পলে॥