ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে। তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে ।। আমরা বরপুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দিব ধন্যধ্বনি মাথায় বহি সর্বনাশ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস ।।
আজি সাঁঝের যমুনায় গো তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ॥ তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ॥ আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে না কি। একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি। যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে নেয় নি কি রে আমার পরম বেদনখানি আপন বেদনায় গো ॥
যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না। তবে তুই ফিরে যা-না। যদি তোর ভয় থাকে তো করি মানা ॥ যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে, যদি তোর হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা ॥ যদি তোর ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বোঝা আপন-- তবে তুই সইতে কভু পারবি নে রে এ বিষম পথের টানা ॥ যদি তোর আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে তবে তুই তর্ক ক'রে সকল কথা করিবি নানাখানা ॥