কেন নয়ন আপনি ভেসে যায় জলে। কেন মন কেন এমন করে॥ যেন সহসা কী কথা মনে পড়ে-- মনে পড়ে না গো তবু মনে পড়ে॥ চারি দিকে সব মধুর নীরব, কেন আমারি পরান কেঁদে মরে। কেন মন কেন এমন কেন রে॥ যেন কাহার বচন দিয়েছে বেদন, যেন কে ফিরে গিয়েছে অনাদরে-- বাজে তারি অযতন প্রাণের 'পরে। যেন সহসা কী কথা মনে পড়ে-- মনে পড়ে না গো তবু মনে পড়ে॥
নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে। কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥ সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥ ওগো, সে কোন্ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে। অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি, নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥