এ তো খেলা নয়, খেলা নয়। এ যে হৃদয়-দহন-জ্বালা, সখী। এ যে, প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই যাই করে প্রাণ, যেতে পারি নে। যে কথা বলিতে চাহি, তা বুঝি বলিতে নাহি, কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা। যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।
সকলি ফুরাল, স্বপনপ্রায়, কোথা সে লুকাল, কোথা সে হায়! কুসুমকানন হয়েছে ম্লান, পাখীরা কেন রে গাহে না গান, ও! সব হেরি শূন্যময়, কোথা সে হায়! কাহার তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কেঁদে আকুল, সেই যে আসিত তুলিতে জল, সেই যে আসিত পাড়িতে ফল, ও! সে আর আসিবে না, কোথা সে হায়!