কেমনে শুধিব বলো তোমার এ ঋণ। এ দয়া তোমার, মনে রবে চিরদিন। যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন, মনে হ'ত ধরা যেন মরুর মতন, সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার নূতন জীবন যেন করিলে সঞ্চার। একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান, কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ-- দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে, নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে-- সহসা উঠেছে বাজি তব করপরশনে, পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে, বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল, শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল। কেমনে শুধিব বলো তোমার এ ঋণ। এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥
আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও, আমায় আনন্দে ভাসাও ॥ না চাহি তর্ক না চাহি যুক্তি, না জানি বন্ধ না জানি মুক্তি, তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥ সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে, সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে। সকল বাক্য সকল শব্দ সকল চেষ্টা হউক স্তব্ধ- তোমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥