বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥ ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পাই নূতন করে, কাহার মুখে চাই ॥ প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা। হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানি চেয়ে দেখি তাই।
তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো, নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো। এমনি নিবিড় ক'রে এরা দাঁড়ায় হৃদয় ভ'রে-- তাই তো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকুল-মানস-সাগর-জলে কমল টলোমলো। তাই তো আমি জানি-- আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥