আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥ বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে। খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥ কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে। বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি-- হার মানি তার অজানা জনের সাজে॥
যারা কথা দিয়ে তোমার কথা বলে তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে ॥ একের কথা আরে বুঝতে নাহি পারে, বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে ॥ যারা কথা ছেড়ে বাজায় শুধু সুর তাদের সবার সুরে সবাই মেলে নিকট হতে দূর। বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে, বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে ॥