বাউলের সুর আমার নাই-বা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া। নেই যদি-বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি, আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী বাওয়া। হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে, আমার সারা দিনের এই কি রে কাজ ও পার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা, আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া।
আমায় রেখো না ধরে আর, আর হেথা ফুল নাহি ফুটে। হেমন্তের পড়িছে নীহার, আমায় রেখো না ধরে আর। যাই হেথা হতে যাই উঠে, আমার স্বপন গেছে টুটে। কঠিন পাষাণপথে যেতে হবে কোনোমতে পা দিয়েছি যবে। একটি বসন্তরাতে ছিলে তুমি মোর সাথে-- পোহালো তো, চলে যাও তবে।