আধখানা বেল খেয়ে কানু বলে,-- 'কোথা গেল বেল একখানা।' আধা গেলে শুধু আধা বাকি থাকে, যত করি আমি ব্যাখ্যানা, সে বলে, 'তাহলে মহা ঠকিলাম, আমি তো দিয়েছি ষোল আনা দাম।'-- হাতে হাতে সেটা করিল প্রমাণ ঝাড়া দিয়ে তার ব্যাগখানা।
আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনের কথার কুসুমকোরক খোঁজে। সেথায় কখন্ অগম গোপন গহন মায়ায় পথ হারাইল ও-যে। আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে, নিভৃত বাণীর সন্ধান নাই যে রে; অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় ম'জে। আমার হৃদয়ে যে কথা লুকানো, তার আভাষণ ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে? দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন, সে তোমারে কিছু বলে? তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে, বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে সে কি কেহ নাহি বোঝে।