জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো হৃদয়ের এক প্রান্তে ওইটুকু আলো স্বহস্তে জাগায়ে রাখো। তাহারি পশ্চাতে আপনি বসিয়া থাকো আসন্ন এ রাতে যতনে বাঁধিয়া বেণী সাজি রক্তাম্বরে আমার বিক্ষিপ্ত চিত্ত কাড়িবার তরে জীবনের জাল হতে। বুঝিয়াছি আজি বহুকর্মকীর্তিখ্যাতি আয়োজনরাজি শুষ্ক বোঝা হয়ে থাকে, সব হয় মিছে যদি সেই স্তূপাকার উদ্যোগের পিছে না থাকে একটি হাসি; নানা দিক হতে নানা দর্প নানা চেষ্টা সন্ধ্যার আলোতে এক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থির একটি প্রেমের পায়ে শ্রান্ত নতশির।
জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে, জীবনের শেষ দানে জীবনের শেষ গানে, হে দেবতা, তাই আজি দিব তব সকাশে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে। কথা তারে শেষ করে পারে নাই বাঁধিতে, গান তারে সুর দিয়ে পারে নাই সাধিতে। কী নিভৃতে চুপে চুপে মোহন নবীনরূপে নিখিল নয়ন হতে ঢাকা ছিল, সখা, সে। প্রভাতের আলোকে তো ফোটে নাই প্রকাশে। ভ্রমেছি তাহারে লয়ে দেশে দেশে ফিরিয়া, জীবনে যা ভাঙাগড়া সবি তারে ঘিরিয়া। সব ভাবে সব কাজে আমার সবার মাঝে শয়নে স্বপনে থেকে তবু ছিল একা সে। প্রভাতের আলোকে তো ফোটে নাই প্রকাশে। কত দিন কত লোকে চেয়েছিল উহারে, বৃথা ফিরে গেছে তারা বাহিরের দুয়ারে আর কেহ বুঝিবে না, তোমা সাথে হবে চেনা সেই আশা লয়ে ছিল আপনারি আকাশে, প্রভাতের আলোকে তো ফোটে নাই প্রকাশে।