মুখ ফিরায়ে রব তোমার পানে এই ইচ্ছাটি সফল করো প্রাণে। কেবল থাকা, কেবল চেয়ে থাকা, কেবল আমার মনটি তুলে রাখা, সকল ব্যথা সকল আকাঙক্ষায় সকল দিনের কাজেরি মাঝখানে। নানা ইচ্ছা ধায় নানা দিক পানে, একটি ইচ্ছা সফল করো প্রাণে। সেই ইচ্ছাটি রাতের পরে রাতে জাগে যেন একের বেদনাতে, দিনের পরে দিনকে যেন গাঁথে একের সূত্রে এক আনন্দগানে।
ভৈরবী যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে। শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে! আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া, কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে। যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি। রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি। পাখি ডাকি বলে "গেল বিভাবরী, বধূ চলে জলে লইয়া গাগরি, আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে! যামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল মরি লাজে।