না রে, তোদের ফিরতে দেব না রে-- মরণ যেথায় লুকিয়ে বেড়ায় সেই আরামের দ্বারে। চলতে হবে সামনে সোজা, ফেলতে হবে মিথ্যা বোঝা, টলতে আমি দেব না যে আপন ব্যথাভারে। না রে, তোদের রইতে দেব না রে-- দিবানিশি ধুলাখেলায় খেলাঘরের দ্বারে। চলতে হবে আশার গানে প্রভাত-আলোর উদয়-পানে, নিমেষতরে পাবি নেকো বসতে পথের ধারে। না রে, তোদের থামতে দেব না রে-- কানাকানি করতে কেবল কোণের ঘরের দ্বারে। ওই যে নীরব বজ্রবাণী আগুন বুকে দিচ্ছে হানি-- সইতে হবে, বইতে হবে, মানতে হবে তারে।
দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে-- সে কেবল পতি সয়; একটু করলে 'উহুঁ' যদি এক রতি সয়!