গাড়িতে মদের পিপে ছিল তেরো-চোদ্দো, এঞ্জিনে জল দিতে দিল ভুলে মদ্য। চাকাগুলো ধেয়ে করে ধানখেত-ধ্বংসন, বাঁশি ডাকে কেঁদে কেঁদে 'কোথা কানু জংশন'-- ট্রেন করে মাতলামি নেহাত অবোধ্য, সাবধান করে দিতে কবি লেখে পদ্য।
বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।
খ্যাতি আছে সুন্দরী বলে তার, ত্রুটি ঘটে নুন দিতে ঝোলে তার; চিনি কম পড়ে বটে পায়সে স্বামী তবু চোখ বুজে খায় সে-- যা পায় তাহাই মুখে তোলে তার, দোষ দিতে মুখ নাহি খোলে তার।