তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, দেখা দিক শুভ্র আলোক। মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয়রথ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ-- দৃষ্টি হতে খসে যাক, খসে যাক মোহনির্মোক॥ [প্রস্থান বিনা সাজে সাজি দেখা দিবে তুমি কবে, আভরণে আজি আবরণ কেন রবে। ভালোবাসা যদি মেশে মায়াময় মোহে আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে, ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে-- আভরণ দিয়া আবরণ কেন তবে। ভাবের রসেতে যাহার নয়ন ডোবা ভূষণে তাহারে দেখাও কিসের শোভা। কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে। বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে। নিজের ধনে কি নিজে চুরি করে লবে-- আভরণে আজি আবরণ কেন তবে॥ |