একি হ'ল, একি হ'ল, অমিয়া, অমিয়া, এক মুহূর্ত্তের তরে রহিলি না তুই? করুণ অন্তিম প্রশ্ন মুখে রয়ে গেল, উত্তর শুনিতে তার দাঁড়ালি নে বোন? যত দিন বেঁচে রব ওই প্রশ্ন তোর কানেতে বাজিবে মোর দিবস রজনী, জীবনের শেষ দণ্ডে ওই প্রশ্ন তোর শুনিতে শুনিতে বালা মুদিব নয়ন। অমিয়া, অমিয়া মোর, ওঠ্ একবার। প্রশ্ন শুধাবারে শুধু বেঁচেছিলি বোন, এক দণ্ড রহিলি নে উত্তর শুনিতে? ভাল বোন, দেখা হবে আর-এক দিন, সে দিন দুজনে মিলি করিব রে শেষ দুজনের হৃদয়ের অসম্পূর্ণ কথা। |