হে সখা বারতা পেয়েছি মনে মনে তব নিশ্বাসপরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণসমীরণে॥ কেন বঞ্চনা কর মোরে, কেন বাঁধ অদৃশ্য ডোরে-- দেখা দাও, দেখা দাও দেহ মন ভ'রে মন নিকুঞ্জবনে॥ দেখা দাও চম্পকে রঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে। কেন শুধু বাঁশরির সুরে ভুলায়ে লয়ে যাও দূরে, যৌবন-উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে। | রাগ: বেহাগ তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ ভাদ্র, ১৩৪১ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ সেপ্টেম্বর, ১৯৩৪ স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|