কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥ তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে, আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে, তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥ কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে-- পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে। তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে, তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই॥ পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ-- চকিতে শুনিতে শুধু পাই। চ'লে যাই॥