কী বলিনু আমি! এ কী সুললিত বাণী রে! কিছু না জানি কেমনে যে আমি প্রকাশিনু দেবভাষা, এমন কথা কেমনে শিখিনু রে! পুলকে পুরিল মনপ্রাণ,মধু বরষিল শ্রবণে, এ কী! হৃদয়ে এ কী এ দেখি!-- ঘোর অন্ধকার মাঝে,এ কী জ্যোতি ভায়, অবাক্!-- করুণা এ কার!
দাঁড়াও, মাথা খাও, যেও না সখা। শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়-- কতদিন পরে আজি পেয়েছি দেখা॥ আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না-- শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব। তাও কি হবে না গো, সখা গো! শুধু একবার ফিরে চাও॥