কানাডার প্রতি বিশ্ব জুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধবেগে ঝঞ্ঝাবায়ু হুংকারিয়া আসে ধ্বংস করে সভ্যতার চূড়া। ধর্ম আজি সংশয়েতে নত, যুগযুগের তাপসদের সাধনধন যত দানবপদদলনে হল গুঁড়া। তোমরা এসো তরুণ জাতি সবে মুক্তিরণ-ঘোষণাবাণী জাগাও বীররবে। তোলো অজেয় বিশ্বাসের কেতু। রক্তে-রাঙা ভাঙন-ধরা পথে দুর্গমেরে পেরোতে হবে বিঘ্নজয়ী রথে, পরান দিয়ে বাঁধিতে হবে সেতু। ত্রাসের পদাঘাতের তাড়নায়, অসম্মান নিয়ো না শিরে, ভুলো না আপনায়। মিথ্যা দিয়ে, চাতুরী দিয়ে, রচিয়া গুহাবাস পৌরুষেরে কোরো না পরিহাস। বাঁচাতে নিজ প্রাণ বলীর পদে দুর্বলেরে কোরো না বলিদান।
কেন চেয়ে আছ, গো মা, মুখপানে! এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না-- মিথ্যা কহে শুধু কত কী ভানে। তুমি তো দিতেছ মা, যা আছে তোমারি-- স্বর্ণশস্য তব,জাহ্নবীবারি, জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী। এরা কী দেবে তোরে, কিছু না, কিছু না-- মিথ্যা কবে শুধু হীন পরানে! মনের বেদনা রাখো মা মনে, নয়নবারি নিবারো নয়নে, মুখ লুকাও মা, ধূলিশয়নে-- ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি দেখো কাটে কি না দীর্ঘ রজনী, দুঃখ জানায়ে কী হবে জননী, নির্মম চেতনহীন পাষাণে।