মোর মরণে তোমার হবে জয়। মোর জীবনে তোমার পরিচয়। মোর দুঃখ যে রাঙা শতদল আজ ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয়। মোর ত্যাগে যে তোমার হবে জয়। মোর প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য তোমার রাজপথ সে যে লঙ্ঘিবে বনপর্বত, মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয়।
এই কথা সদা শুনি, "গেছে চলে", "গেছে চলে।" তবু রাখি ব'লে ব'লো না, "সে নাই।" সে-কথাটা মিথ্যা, তাই কিছুতেই সহে না যে, মর্মে গিয়ে বাজে। মানুষের কাছে যাওয়া-আসা ভাগ হয়ে আছে। তাই তার ভাষা বহে শুধু আধখানা আশা। আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ যে-সমুদ্রে "আছে' "নাই' পূর্ণ হয়ে রয়েছে সমান।
কেবল তব মুখের পানে চাহিয়া, বাহির হনু তিমির-রাতে তরণীখানি বাহিয়া। অরুণ আজি উঠেছে-- আশোক আজি ফুটেছে-- না যদি উঠে,না যদি ফুটে, তবুও আমি চলিব ছুটে তোমার মুখে চাহিয়া। নয়নপাতে ডেকেছ মোরে নীরবে। হৃদয় মোর নিমেষ-মাঝে উঠেছে ভরি গরবে। শঙ্খ তব বাজিল-- সোনার তরী সাজিল-- না যদি বাজে, না যদি সাজে, গরব যদি টুটে গো লাজে চলিব তবু নীরবে। কথাটি আমি শুধাব নাকো তোমারে। দাঁড়াব নাকো ক্ষণেক-তরে দ্বিধার ভরে দুয়ারে। বাতাসে পাল ফুলিছে-- পতাকা আজি দুলিছে-- না যদি ফুলে, না যদি দুলে, তরণী যদি না লাগে কূলে শুধাব নাকো তোমারে।