কথা কও, কথা কও। অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও? কথা কও, কথা কও। যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে। সেথা এসে তার স্রোত নাহি আর, কলকল ভাষ নীরব তাহার-- তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও! হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও, কথা কও। কথা কও, কথা কও। স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও-- কথা কেন নাহি কও! তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে! হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা-মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও। কথা কও, কথা কও। কোনো কথা কভু হারাও নি তুমি, সব তুমি তুলে লও-- কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভোল নাই, বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও।
আমার এ মানসের কানন কাঙাল শীর্ণ শুষ্ক বাহু মেলি বহু দীর্ঘকাল আছে ক্রুদ্ধ ঊর্ধ্ব-পানে চাহি। ওহে নাথ, এ রুদ্র মধ্যাহ্ন-মাঝে কবে অকস্মাৎ পথিক পবন কোন্ দূর হতে এসে ব্যগ্র শাখাপ্রশাখায় চক্ষের নিমেষে কানে কানে রটাইবে আনন্দমর্মর, প্রতীক্ষায় পুলকিয়া বনবনান্তর। গম্ভীর মাভৈঃমন্দ্র কোথা হতে ব'হে তোমার প্রসাদপুঞ্জ ঘনসমারোহে ফেলিবে আচ্ছন্ন করি নিবিড়ছায়ায়। তার পরে বিপুল বর্ষণ। তার পরে পরদিন প্রভাতের সৌম্যরবিকরে রিক্ত মালঞ্চের মাঝে পূজাপুষ্পরাশি নাহি জানি কোথা হতে উঠিবে বিকাশি।
দিলে তুমি সোনা-মোড়া ফাউণ্টেন পেন, কতমতো লেখার আসবাব। ছোটো ডেস্কোখানি। আখরোট কাঠ দিয়ে গড়া। ছাপ-মারা চিঠির কাগজ নানা বহরের। রুপোর কাগজ-কাটা এনামেল-করা। কাঁচি ছুরি গালা লাল-ফিতে। কাঁচের কাগজ-চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কী কথা নিয়ে কিছুতেই ভেবে পাই নে তো। একটি খবর আছে শুধু-- তুমি চলে গেছ। সে খবর তোমারো তো জানা। তবু মনে হয়, ভালো করে তুমি সে জান না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে-- তুমি চলে গেছ। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি নই কবি-- ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারি নে তো দিতে; না থাকে চোখের চাওয়া। যত লিখি তত ছিঁড়ে ফেলি। দশটা তো বেজে গেল। তোমার ভাইপো বকু যাবে ইস্কুলে, যাই তারে খাইয়ে আসিগে। শেষবার এই লিখে যাই-- তুমি চলে গেছ। বাকি আর যতকিছু হিজিবিজি আঁকাজোকা ব্লটিঙের 'পরে।