হোক খেলা, এ খেলায় যোগ দিতে হবে আনন্দকল্লোলাকুল নিখিলের সনে। সব ছেড়ে মৌনী হয়ে কোথা বসে রবে আপনার অন্তরের অন্ধকার কোণে! জেনো মনে শিশু তুমি এ বিপুল ভবে অনন্ত কালের কোলে, গগনপ্রাঙ্গণে-- যত জান মনে কর কিছুই জান না। বিনয়ে বিশ্বাসে প্রেমে হাতে লহ তুলি বর্ণগন্ধগীতময় যে মহা-খেলনা তোমারে দিয়াছে মাতা; হয় যদি ধূলি হোক ধূলি, এ ধূলির কোথায় তুলনা! থেকো না অকালবৃদ্ধ বসিয়া একেলা-- কেমনে মানুষ হবে না করিলে খেলা!
আরোগ্যের পথে যখন পেলেম সদ্য প্রসন্ন প্রাণের নিমন্ত্রণ, দান সে করিল মোরে নূতন চোখের বিশ্ব-দেখা। প্রভাত-আলোয় মগ্ন ঐ নীলাকাশ পুরাতন তপস্বীর ধ্যানের আসন, কল্প-আরম্ভের অন্তহীন প্রথম মুহূর্তখানি প্রকাশ করিল মোর কাছে; বুঝিলাম, এই এক জন্ম মোর নব নব জন্মসূত্রে গাঁথা। সপ্তরশ্মি সূর্যালোকসম এক দৃশ্য বহিতেছে অদৃশ্য অনেক সৃষ্টিধারা।