সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ'রে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন-ঘোরে। চিরজীবন আমার বীণা-তারে তোমার আঘাত লাগল বারে বারে, তাই তো আমার নানা সুরের তানে তোমার পরশ প্রাণে নিলেম ধ'রে। আজ তো আমি ভয় করি নে আর লীলা যদি ফুরায় হেথাকার। নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধুপারে তবু তুমি সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন ক'রে।
পাখি, তোর সুর ভুলিস নে-- আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে-- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপন-তলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥