কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান। ভুলেও মাটির পানে তাকায় না তাই, চন্দ্রসূর্যতারকারে করে ভাই ভাই। নভশ্চর ব'লে তার মনের বিশ্বাস, শূণ্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস। ভাবে শুধু মোটা এই বোঁটাখানা মোরে বেঁধেছে ধরার সাথে কুটুম্বিতা-ডোরে। বোঁটা যদি কাটা পড়ে তখনি পলকে উড়ে যাব আপনার জ্যোতির্ময় লোকে। বোঁটা যবে কাটা গেল, বুঝিল সে খাঁটি, সূর্য তার কেহ নয়, সবই তার মাটি।
গিয়াছে যে দিন, সে দিন হৃদয় রূপের মোহনে আছিল মাতি, প্রাণের স্বপন আছিল যখন প্রেম প্রেম শুধু দিবস রাতি! শান্ত আশা এ হৃদয়ে আমার এখন ফুটিতে পারে, সুবিমলতর দিবস আমার এখন উঠিতে পারে। বালক কালের প্রেমের স্বপন-- মধুর যেমন উজল যেমন তেমন কিছুই আসিবে না, তেমন কিছুই আসিবে না! সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা, স্মৃতি-মরু মোর উজল করিয়া এখনো হৃদয়ে বিরাজে তাহা! সে প্রতিমা সেই পরিমল সম পলকে যা লয় পায়, প্রভাতকালের স্বপন যেমন পলকে মিশায়ে যায়। অলস প্রবাহ জীবনে আমার সে কিরণ কভু ভাসিবে না আর সে কিরণ কভু ভাসিবে না, সে কিরণ কভু ভাসিবে না!