যখন ছিলেম পথেরই মাঝখানে মনটা ছিল কেবল চলার পানে বোধ হত তাই, কিছুই তো নাই কাছে-- পাবার জিনিস সামনে দূরে আছে। লক্ষ্যে গিয়ে পৌঁছব এই ঝোঁকে সমস্ত দিন চলেছি এক-রোখে। দিনের শেষে পথের অবসানে মুখ ফিরে আজ তাকাই পিছু-পানে। এখন দেখি পথের ধারে ধারে পাবার জিনিস ছিল সারে সারে-- সামনে ছিল যে দূর সুমধুর পিছনে আজ নেহারি সেই দূর।
কখন ঘুমিয়েছিনু, জেগে উঠে দেখিলাম-- কমলালেবুর ঝুড়ি পায়ের কাছেতে কে গিয়েছে রেখে। কল্পনায় ডানা মেলে অনুমান ঘুরে ঘুরে ফিরে একে একে নানা স্নিগ্ধ নামে। স্পষ্ট জানি না'ই জানি, এক অজানারে লয়ে নানা নাম মিলিল আসিয়া নানা দিক হতে। এক নামে সব নাম সত্য হয়ে উঠি দানের ঘটায়ে দিল পূর্ণ সার্থকতা।