মন যে তাহার হঠাৎপ্লাবনী নদীর প্রায় অভাবিত পথে সহসা কী টানে বাঁকিয়া যায়-- সে তার সহজ গতি, সেই বিমুখতা ভরা ফসলের যতই করুক ক্ষতি। বাঁধা পথে তারে বাঁধিয়া রাখিবে যদি বর্ষা নামিলে খরপ্রবাহিণী নদী ফিরে ফিরে তার ভাঙিয়া ফেলিবে কূল, ভাঙিয়া তোমার ভুল। নয় সে খেলার পুতুল, নয় সে আদরের পোষা প্রাণী, মনে রেখো তাহা জানি। মত্তপ্রবাহবেগে দুর্দাম তার ফেনিল হাস্য কখন উঠিবে জেগে। তোমার প্রাণের পণ্য আহরি ভাসাইয়া দিলে ভঙ্গুর তরী, হঠাৎ কখন পাষাণে আছাড়ি করিবে সে পরিহাস, হেলায় খেলায় ঘটাবে সর্বনাশ। এ খেলারে যদি খেলা বলি মান, হাসিতে হাস্য মিলাইতে জান, তা হলে রবে না খেদ। ঝরনার পথে উজানের খেয়া, সে যে মরণের জেদ। স্বাধীন বল' যে ওরে নিতান্ত ভুল ক'রে। দিক্সীমানার বাঁধন টুটিয়া ঘুমের ঘোরেতে চমকি উঠিয়া যে-উল্কা পড়ে খ'সে কোন্ ভাগ্যের দোষে সেই কি স্বাধীন, তেমনি স্বাধীন এও-- এরে ক্ষমা করে যেয়ো। বন্যারে নিয়ে খেলা যদি সাধ লাভের হিসাব দিয়ো তবে বাদ, গিরিনদী-সাথে বাঁধা পড়িয়ো না পণ্যের ব্যবহারে। মূল্য যাহার আছে একটুও সাবধান করি ঘরে তারে থুয়ো, খাটাতে যেয়ো না মাতাল চলার চলতি এ কারবারে। কাটিয়ো সাঁতার যদি জানা থাকে, তলিয়ে যেয়ো না আওড়ের পাকে, নিজেরে ভাসায়ে রাখিতে না জান ভরসা ডাঙার পারে-- যতই নীরস হোক-না সে তবু নিরাপদ জেনো তারে। "সে আমারি' ব'লে বৃথা অহমিকা ভালে আঁকি দেয় ব্যঙ্গের টিকা। আল্গা লীলায় নাই দেওয়া পাওয়া, দূর থেকে শুধু আসা আর যাওয়া-- মানবমনের রহস্য কিছু শিখা।
অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ আকস্মিক চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে, তখন কোন্ কথা জানাতে তার এত অধৈর্য। --যে কথা দেহের অতীত। খাঁচার পাখির কণ্ঠে যে বাণী সে তো কেবল খাঁচারি নয়, তার মধ্যে গোপনে আছে সুদূর অগোচরের অরণ্য-মর্মর, আছে করুণ বিস্মৃতি। সামনে তাকিয়ে চোখের দেখা দেখি-- এ তো কেবলি দেখার জাল-বোনা নয়।-- বসুন্ধরা তাকিয়ে থাকেন নির্নিমেষে দেশ-পারানো কোন্ দেশের দিকে, দিগ্বলয়ের ইঙ্গিতলীন কোন্ কল্পলোকের অদৃশ্য সংকেতে। দীর্ঘপথ ভালোমন্দয় বিকীর্ণ, রাত্রিদিনের যাত্রা দুঃখসুখের বন্ধুর পথে। শুধু কেবল পথ চলাতেই কি এ পথের লক্ষ্য? ভিড়ের কলরব পেরিয়ে আসছে গানের আহ্বান, তার সত্য মিলবে কোন্খানে? মাটির তলায় সুপ্ত আছে বীজ। তাকে স্পর্শ করে চৈত্রের তাপ, মাঘের হিম, শ্রাবণের বৃষ্টিধারা। অন্ধকারে সে দেখছে অভাবিতের স্বপ্ন। স্বপ্নেই কি তার শেষ? উষার আলোয় তার ফুলের প্রকাশ; আজ নেই, তাই বলে কি নেই কোনোদিনই?
THE SONG feels the infinite in the air, the picture in the earth, the poem in the air and the earth; For its words have meaning that walks and music that soars.