ভিক্ষে দে গো, ভিক্ষে দে । দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে । লক্ষ্মী তোদের সদয় হোন, ধনের উপর বাড়ুক ধন— আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে । ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে । পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে । ওরে তোদের অনেক আছে, আরো অনেক হবে— একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!