না না না) ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে-- এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে-- গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে এসেছে যে-- গেল যখন আশার বচন গেছে রেখে॥
এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের 'পরে নাচে॥ ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে, তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥ বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে। দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে। ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে, সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥