বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে॥ বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জলী-- তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে॥ কোনো কথা নাহি ব'লে ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে॥
আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও-- আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥ আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥