কেন নিবে গেল বাতি। আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি, তাই নিবে গেল বাতি।। কেন ঝরে গেল ফুল। আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল।। কেন মরে গেল নদী ।। আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী।। কেন ছিঁড়ে গেল তার। আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার, তাই ছিঁড়ে গেল তার ।।
প্রভু, তোমার বীণা যেমনি বাজে আঁধার-মাঝে অমনি ফোটে তারা। যেন সেই বীণাটি গভীর তানে আমার প্রাণে বাজে তেমনিধারা ॥ তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে কী গৌরবে হৃদয়-অন্ধকারে। তখন স্তরে স্তরে আলোকরাশি উঠবে ভাসি চিত্তগগনপারে ॥ তখন তোমারি সৌন্দর্যছবি, ওগো কবি, আমায় পড়বে আঁকা-- তখন বিস্ময়ের রবে না সীমা, ওই মহিমা আর যাবে না ঢাকা। তখন তোমারি প্রসন্ন হাসি পড়বে আসি নবজীবন-'পরে। তখন আনন্দ-অমৃতে তব ধন্য হব চিরদিনের তরে ॥